কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৬ জন আসামীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গেলো ২৪ ঘন্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন মেয়াদে পরোয়ানাভুক্ত ও নানা অপরাধে অভিযুক্ত আসামীদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালনা করা এই বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে ৪ জন, ধর্তব্য অপরাধে ৭ জন এবং আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৫ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে তালিকাভুক্ত ও চিহ্নিত অপরাধীও রয়েছে। অপরাধ চিত্র পর্যালোচনায় (পিসি/পিআর) দেখা যায়, ধর্তব্য অপরাধে গ্রেফতারকৃত ৬ নম্বর আসামী মোঃ রিফাত (২০)-এর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় দ্রুত বিচার, ছিনতাই ও মারামারিসহ ৩টি মামলা ও জিডি রয়েছে। এছাড়া ৭ নম্বর আসামী জাহাঙ্গীর আলম (২০)-এর বিরুদ্ধে রামু থানায় মারামারি ও অন্যান্য ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মাদক সেবনকারীরা হলেন— নুরুল আমিন লালু (৩০), মোহাম্মদ হারুন রানা (৩৬), মোঃ সুলতান (২২) এবং মোঃ চাঁদ মিয়া (২৫)।
ধর্তব্য অপরাধে গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা হলেন— মোঃ হেলাল হোসেন (২১), মিজান (২১), নুরুল আবছার (২৩), অরাফাত হোসেন সানি (২৩) এবং হাসিবুল হাসান ওরফে মনু (৪০)।
পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামীরা হলেন— জাহেদুল ইসলাম ওরফে মানিক, হাবিবুল্লাহ ওরফে সুন্দর আলা (২২), মোছাঃ ইয়াসমিন, নুর আহাম্মদ ওরফে রুন্টু এবং মোঃ আশেক।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পৌরসভা ও স্থানীয় ইউনিয়নসমূহকে চোর-ছিনতাইকারী মুক্ত করার লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক 


















