টেকনাফে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্পেশাল টহল দলের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। হামলায় টহল দলের ব্যবহৃত পিকআপ গাড়ির তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে টেকনাফ উপজেলার অলিয়াবাদ মাদ্রাসা সংলগ্ন এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে নিয়োজিত ২ বিজিবির এক প্লাটুন স্পেশাল টহল দলের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে এক বিজিবি সদস্য আহত হন এবং টহল দলের পিকআপ গাড়ির পেছনের দরজাসহ মোট তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়ার ফজল আহাম্মদের ছেলে খোরশেদ আলম (২৫), জাফর আলমের ছেলে আকিব (২২) এবং মার্কিন মিয়ার ছেলে আব্দুল গফুর (১৯)।
বিজিবি জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে পুলিশ ও এসআরবির সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবির সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 




















