ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের ফাজিল চূড়ান্ত বর্ষের ৩৭ জন পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে তাঁদের গ্র্যাজুয়েশন ক্যাপ ও স্টোল পরিয়ে দেওয়া হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপাধ্যক্ষ নুরুল আবছার কাদেরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হাফেজ মাওলানা শফিউল করিম।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসেন, অধ্যাপক নাজিম উদ্দিন ও আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আলম আলোচনায় সভায় বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে শিক্ষার্থীরা জীবনের নতুন পথে যাত্রা শুরু করতে যাচ্ছেন। মাদ্রাসায় অর্জিত জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ তাঁদের ভবিষ্যৎ জীবনে সঠিক পথ দেখাবে। তাঁরা শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিদায় সংবর্ধনাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের পরিচিত শ্রেণিকক্ষ, প্রিয় শিক্ষক ও সহপাঠীদের ছেড়ে যাওয়ার মুহূর্তে স্মৃতিময় শিক্ষাজীবনের নানা ঘটনা তাঁদের মনে ভিড় করে। বিদায়ী শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন ক্যাপ ও স্টোল পরিধান এবং সম্মাননা ক্রেস্ট গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি তাঁদের কাছে স্মরণীয় হয়ে ওঠে।
শিক্ষাজীবনের এই বিশেষ মুহূর্তে বিদায়ী শিক্ষার্থীরা নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক 




















