কক্সবাজার শহরের পর্যটন এলাকা সুগন্ধা পয়েন্টে এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৩ জন মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ ও জেলা প্রশাসন।
সোমবার রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ পরিচালনায় এই অভিযান চালানো হয়।
অভিযানকালে মাদক সেবন ও কেনাবেচার সাথে জড়িত থাকার অপরাধে ১৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন মোঃ আলী, ফয়সাল, আবু বক্কর, শাহীন, নুর মোহাম্মদ, জিহাদ, সাইফুল, মাসুদ, বেলাল, রাকিব হোসেন, ইব্রাহিম খলিল, শামীম এবং রাজীব।
পরবর্তীতে কক্সবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। সাজা প্রদানের পর সকল আসামীকে জেলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 


















