কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় আড়ং ও স্বপ্ন সুপার শপে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় যৌথভাবে পরিচালিত এ অভিযানে স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে ভোক্তারা যাতে পণ্য কেনার ক্ষেত্রে সঠিক ওজন পান, পাশাপাশি বাজার পরিস্থিতি ও পণ্যের বিক্রয়ব্যবস্থা তদারকি করা হয়। বাজারে পণ্য কেনাবেচায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে অভিযান-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম নাঈম। তিনি বলেন, ভোক্তাদের সঠিক ওজনে পণ্য কেনা নিশ্চিত করা এবং বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে ভোক্তারা যাতে কোনো ধরনের ভোগান্তি বা অনিয়মের শিকার না হন, সে বিষয়ে বাজার তদারকি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে পণ্যের ওজন ও বিক্রয়সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ এ অভিযানে ঝাউতলা এলাকা আড়ং এবং স্বপ্ন সুপার শপে তদারকি করা হয়। এর মধ্যে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শাহেদ হোছাইন মুবিন 


















