কক্সবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো.আ. মান্নান পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, স্বেচ্ছাসেবক মোতায়েন এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে তাঁদের বিভিন্ন প্রয়োজন ও পরামর্শ শুনেন এবং প্রশাসনের পক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সোমবার বিকেলে মন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, কক্সবাজারে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে অত্যন্ত সৌহার্দ্য ও মিলেমিশে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য অটুট রাখতে সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পূজা চলাকালে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে, আনন্দঘন ও উৎসবমুখর আমেজে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের গুজব বা উসকানিতে কান না দিয়ে সকলকে পারস্পরিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















