কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোকতার আহমেদ।
১৩ অক্টোবর (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নেছার উদ্দিন।
অধ্যাপক ড. মোকতার আহমেদ কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখা মরিচ্যা হাজিরপাড়ার বাসিন্দা মরহুম আলহাজ পেটান আলী সওদাগরের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ১৯৮২ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৯২ সালের অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন। পরে একই বিভাগের সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত তিনি অধ্যাপক ছিলেন।
শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বেও অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ২০০৬ সালের মে থেকে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট, ২০১১ সালের মার্চ থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত বোটানিক্যাল গার্ডেনের ভারপ্রাপ্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পল্লি উন্নয়ন প্রকল্পের (সিআরডিপি) নির্বাহী পরিচালক ছিলেন।
নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. মোকতার আহমেদকে অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক: 




















