কক্সবাজারের দক্ষিণ খুরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবাসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে এসআরবি-১৫।
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ো ৯ টায় এসআরবি-১৫ এর একটি দল ঝিলংজার দক্ষিণ খুরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ছলিম উল্লাহ ও তার এক অজ্ঞাতনামা সহযোগী সিএনজি অটোরিকশাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে এসআরবি সদস্যরা পরিত্যক্ত সিএনজিটিতে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর লুকানো ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করেন।
এ ঘটনায় জড়িত পলাতক আসামি ছলিম উল্লাহ ও অজ্ঞাতনামা আরেকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
কক্সবাজার প্রতিনিধি: 





















