কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। এতে কক্সবাজার-৩ (সদর-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পত্রের সূত্র উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, কক্সবাজার-৩ নির্বাচনী এলাকার সদর উপজেলায় আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ নির্দেশনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজার সদর উপজেলায় আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।
প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে কক্সবাজার শহরের বর্জ্য সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও চূড়ান্ত ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি চালুর সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য এবং পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনায় এর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
কক্সবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা বলে আসছেন সংশ্লিষ্টরা। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় একটি সমন্বিত কাঠামো গড়ে ওঠার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 






















