জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশের হাতে আটক হওয়া কক্সবাজার জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, যুগ্মসম্পাদক মোহাম্মদ হোসাইন মাসুসহ ৫ নেতা মুক্ত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ৩ টার দিকে তাঁরা মুক্ত হন ।
মুক্ত হওয়া নেতাদের মধ্যে বাকীরা হলেন, জেলা জাসদের সহ-সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, জেলা জাসদের সদস্য চকরিয়ার নুরুল আলম ও খুরুশকুলের জাকির হোসেন।
শনিবার বিকেলে তাদের আটক করা হয়। জানা গেছে, জেলা জাসদের এই ৫ নেতা কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে ঢাকায় যান। শনিবার ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সভা চলাকালীন সময়ে পুলিশ অন্য জাসদ নেতাদের সাথে তাদের আটক করে।
পরে রাত ৩ টার দিকে যাচাই বাছাই শেষে শাহজাহানপুর থানা থেকে ৪ জন ও পল্টন থানা থেকে ১ জনসহ মোট ৫ জনকে ছেড়ে দেয়া হয়।
জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী জানান, কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভায় যোগ দিতে তাঁরা ঢাকা যান। প্রতিনিধি সভা চলাকালে যুবদলের কিছু লোক সেখানে যায় এবং আওয়ামীলীগের সভা চলছে বলে অভিযোগ আনে, যদিওবা জাসদের এ সভার অনুমতি নেয়া হয়েছিলো স্থানীয় থানা হতে। পরে পুলিশ এসে কক্সবাজারের ৫ নেতাসহ ৪৩০ জন কে থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যাচাই বাছাই শেষে ৪০৪ জনকে ছেড়ে দেয়া বাকী ২৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 
























