কক্সবাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রস্তাবিত সম্প্রসারিত এলাকা ও পৌরসভার সার্বিক তথ্যাদি সংক্রান্ত একটি প্রশাসনিক প্রতিবেদন প্রদান করা হয়েছে। বর্তমানে প্রায় ৫ লাখ জনসংখ্যা ও ৩২.৯০ বর্গকিলোমিটার আয়তনের কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে নতুন এই সিটি কর্পোরেশনের প্রশাসনিক সীমানা নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে।
এতে বর্তমান পৌরসভার পাশাপাশি রামু ও কক্সবাজার সদর উপজেলার আরও পাঁচটি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি (আয়তন ১৮.০০ বর্গকিলোমিটার) ও খুনিয়াপালং ইউনিয়ন (আয়তন ৪৭.৮২ বর্গকিলোমিটার) সিটি কর্পোরেশনের আওতায় আসবে। এছাড়া কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল (আয়তন ২৩.৬৭ বর্গকিলোমিটার), ঝিলংজা (আয়তন ২০.০০ বর্গকিলোমিটার) এবং পিএমখালী ইউনিয়নকে (আয়তন ২৭.২৫ বর্গকিলোমিটার) অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এর মধ্যে দক্ষিণ মিঠাছড়ি, খুনিয়াপালং, খুরুশকুল ও পিএমখালী সম্পূর্ণ ইউনিয়ন এবং ঝিলংজা ইউনিয়নের নির্দিষ্ট কিছু মৌজা এই সম্প্রসারিত এলাকায় থাকবে।
এই সম্প্রসারণ বাস্তবায়ন হলে নতুন সিটি কর্পোরেশনের মোট আয়তন দাঁড়াবে ১৬৯.৬৪ বর্গকিলোমিটার। ২০২২ সালের জনশুমারি অনু্যায়ী এসব এলাকায় ৪,০৮,৭২৭ জন বাস করলেও বর্তমানে এই সীমানায় আনুমানিক ১০ লাখ ৮০ হাজার মানুষের বসবাস রয়েছে বলে এ পৌরসভার সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আদনান চৌধুরী এবং প্রশাসক মো: শামীম আল ইমরানের স্বাক্ষর সম্বলিত নথিতে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 














