পেকুয়ায় পুকুরে ডুবে মুহাম্মদ লায়েন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু লায়েন পেকুয়া পৌরসভার শেখেরকিল্লাঘোনা ডিসি রোড এলাকার সৌদি প্রবাসী ওয়াহিদুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি নুরানি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
নিহত শিশুর দাদা মাহমদ বলেন, গত রোববার লায়েন তার মায়ের সঙ্গে বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালে সে অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। খেলার একপর্যায়ে সবার অজান্তে নানার বাড়ির পাশের একটি মসজিদের পুকুরে পড়ে যায় সে।
পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় লায়েনকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। দ্রুত তাকে পেকুয়া নুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এদিকে, শিশু লায়েনের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
পেকুয়া প্রতিনিধি 




















