কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে ছিনতাইকারী, মাদক সেবনকারী ও পরোয়ানাভুক্ত আসামিসহ নানা অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন ছিনতাইকারী, ৫ জন মাদক সেবনকারী, ১ জন ধর্তব্য অপরাধে জড়িত ব্যক্তি এবং ১ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনার বাসিন্দা মোঃ জোবায়ের প্রকাশ লালু (২৪) এবং ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার (বর্তমান কুতুবদিয়া পাড়া) বাসিন্দা মোঃ হেলাল হোসেন প্রকাশ হেলাল (২১)। গ্রেপ্তারকৃতদের মধ্যে জোবায়েরের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দানসহ দ্রুত বিচার আইনে মামলা রয়েছে এবং হেলালের বিরুদ্ধে ৫৪ ধারায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চৌফলদণ্ডী ইউনিয়নের মাঝের পাড়ার মঞ্জুর আলম (২১), চট্টগ্রামের সাতকানিয়ার লাল দিঘীর পাড়ের মোঃ অপু (২৯), লাইট হাউজ পাড়ায় বসবাসকারী মহেশখালীর কুতুবজোনের মোঃ তারেক (২১), পাহাড়তলী হালিমা পাড়ার মোহাম্মদ ছোপায়েত (২০) এবং ঝিলংজা ইউনিয়নের হাজীর পাড়ার মোঃ মাছুমকে (১৯)।
এ ছাড়া ধর্তব্য অপরাধে জড়িত থাকায় দিনাজপুরের চিরিবন্দর উপজেলার শাশপুর গ্রামের সামিনুজ্জামান এবং ওয়ারেন্ট মূলে খুরুশকুল ইউনিয়নের কুলিয়া পাড়ার বাসিন্দা মোঃ কোরবান আলী নূরীকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এলাকাকে অপরাধমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 




















