কক্সবাজার শহরের সমুদ্র তীরের নাজিরারটেক শুঁটকি পল্লীতে আকস্মিক ঝড়ের তাণ্ডবে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ঝড়ের আঘাতে এক নিমিষেই লণ্ডভণ্ড হয়ে গেছে অনেকের স্বপ্ন ও ব্যবসার পুঁজি।
অন্যান্য ব্যবসায়ীদের মতো ধারদেনা করে মাত্রই শুঁটকি ব্যবসা শুরু করেছিলেন মোঃ রফিক। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগে সবকিছু হারিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। কক্সবাজার শহরের সাগর লাগোয়া এই শুঁটকি পল্লীতে দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবসা করে আসলেও এমন বিধ্বংসী ও বড় বিপর্যয়ের মুখোমুখি আগে কখনো হতে হয়নি বলে জানান এই ব্যবসায়ী।
ঝড়ে কেবল রফিকই নন, আরও অন্তত ১০ থেকে ১৫ জন শুঁটকি ব্যবসায়ী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, এই আকস্মিক দুর্যোগে সব মিলিয়ে তাঁদের প্রায় ১ থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী সমিতির নেতারাও ক্ষয়ক্ষতির এই বিপুল পরিমাণের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান কক্সবাজারের জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা। তিনি জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। মাঠ পর্যায়ে পূর্ণাঙ্গ যাচাই-বাছাই ও তদারকির পরেই ক্ষতির চূড়ান্ত হিসাব জানা যাবে। এ ছাড়া ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয়ের একটি প্রতিনিধি দল।
জাওয়াহের আহমেদ 




















