” ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার” এ শ্লোগানে কক্সবাজার ও বান্দরবান জেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে দু’দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড প্রদানে নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করতে করণীয় বিষয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে বর্তমান সরকার নানাবিধ সামাজিক সুরক্ষা সহায়তা প্রদান করছে।
এর অংশ হিসেবে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড বিতরণ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি।
জেলা প্রশাসক আরো বলেন, প্রশিক্ষকদের শুধু প্রশিক্ষণ প্রদানের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ নয়, মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদেরকেই ভূমিকা পালন করতে হবে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ এর সভাপতিত্বে এতে বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিল্টন মুহুরী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শাহী নেওয়াজ বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্প হচ্ছে ফ্যামিলি কার্ড।তাই এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও নিখুঁতভাবে সম্পন্ন করার মূল কাজের ভিত্তি হচ্ছে তথ্য সংগ্রহ। এই কাজে নিয়োজিত ব্যক্তিদের তাই উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করতে এই আয়োজন।
প্রশিক্ষণে ২২ জন সরকারি বিভিন্ন দপ্তর ও দুই জেলার উপজেলা সমাজসেবা কর্মকর্তারা অংশ নিচ্ছে।
কর্মশালায় ফ্যামিলি কার্ড উপকারভোগীদের প্রকৃত তথ্য নির্ভুল যাচাই-বাছাই সংগ্রহ ও ডেটা কালেকশন এবং ডেটাবেজ তৈরি ও যথাযথ সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক 
























