মহেশখালী ঘাটে আগের নিয়মেই টোল আদায় করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলমগীর ফরিদ। তিনি জানান, নির্ধারিত ৫ টাকার অতিরিক্ত কোনো টোল দিতে হবে না।
শনিবার (৮ আগস্ট) তিনি বলেন, “বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে আমার কথা হয়েছে। মহেশখালী ঘাট আগের নিয়মেই চলবে। ৫ টাকার বেশি কেউ টোল দেবেন না।”
এর আগে মহেশখালী ঘাটে নতুন করে টোলের তালিকা টাঙিয়েছিল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তালিকা অনুযায়ী, স্থানীয়দের জন্য প্রতি ঘাটে ৫ টাকা, দেশীয় পর্যটকদের জন্য ৫০ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য ৩০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছিল।
নতুন টোল নির্ধারণের পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন স্থানীয়রা। বিআইডব্লিউটিএর এ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (৮ আগস্ট) সকালে মহেশখালী জেটি চত্বরে মানববন্ধন করেন স্থানীয়রা।
নিজস্ব প্রতিবেদক 



















