উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের সামনে স্বদেশে ফেরার আকুতি জানালেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা।
শুক্রবার (৩১ জুলাই) উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তার গাড়িবহরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন রোহিঙ্গারা। প্ল্যাকার্ডে লেখা ছিল, “You have your home! We miss our home!” অর্থাৎ, “আপনার নিজের বাড়ি আছে, আমরা আমাদের বাড়িকে মিস করি।”
প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি তুলে ধরেন। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন এবং নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানান।
রোহিঙ্গা নেতাদের ভাষ্য, বছরের পর বছর ক্যাম্পে বসবাসের ফলে তাদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা বেড়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের পথ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের জন্য উখিয়া সফর করেন।
নিজস্ব প্রতিবেদক 


















