বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের ২-২ গোলের রোমাঞ্চকর ড্রয়ের ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় ছিল এক আবেগঘন ঘটনা। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার মা আনা কান্দিদা এভোরা প্রথমবারের মতো গ্যালারিতে বসে ছেলের বিশ্বকাপ ম্যাচ উপভোগ করেন।
রোববার যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে ৬৪ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচটি কেপ ভার্দের জন্য ছিল গুরুত্বপূর্ণ। ভিসা-সংক্রান্ত জটিলতা কাটিয়ে আনা কান্দিদা এভোরা যুক্তরাষ্ট্রে পৌঁছান এবং বিশেষ অতিথি হিসেবে স্টেডিয়ামে খেলা দেখেন।
ম্যাচ শুরুর আগে ফিফা কেপ ভার্দে দলের জন্য তার একটি ভিডিও বার্তা প্রকাশ করে। সেখানে তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘মাথা উঁচু রাখো, মাঠে লড়াই করো, তাহলেই তোমরা ভালো খেলবে।’
কেপ ভার্দে দল ‘ব্লু শার্কস’ নামে পরিচিত। সেই নাম উল্লেখ করে খেলোয়াড়দের উৎসাহও দেন তিনি।
ভিসা জটিলতার কারণে কেপ ভার্দের প্রথম ম্যাচে উপস্থিত থাকতে পারেননি এভোরা। পরে ফিফা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় তার ভিসা নিশ্চিত হয়। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে তিনি মায়ামিতে পৌঁছান এবং বিমানবন্দরে কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
মায়ের সঙ্গে পুনর্মিলন ভোজিনহার জন্যও ছিল বিশেষ এক মুহূর্ত। বিশ্বকাপে কেপ ভার্দের চমকপ্রদ যাত্রার মধ্যে এই আবেগঘন ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।
এদিকে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রসহ কয়েকটি ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ভোজিনহা ইতিমধ্যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কেপ ভার্দের প্রতিপক্ষ সৌদি আরব। নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনো টিকে আছে দলটির। গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করে শেষ ষোলোতে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 






















