কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে কাজ করার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক।
বুধবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. ইলিয়াছ ও রাকিব। আহত শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান মজুমদার জানান, সকালে শ্রমিকরা কালভার্টের নির্মাণকাজ শুরু করেন। কাজ চলাকালে হঠাৎ করে পাশের মাটি ধসে পড়ে। এতে তিন শ্রমিক মাটিচাপা পড়েন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, “মাটিচাপা পড়ে গুরুতর অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই শ্রমিক হাসপাতালে আনার আগেই মারা যান। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ চাইলে মরদেহের ময়নাতদন্ত করা হবে।”
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক: 





















