কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিককুল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও ক্রিস্টাল আইসসহ মোহাম্মদ আজিজ (২৬) নামে এক পরোয়ানাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ডিককুল এলাকার একটি টিনশেড বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোহাম্মদ আজিজকে আটক করা হয়।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার বসতঘর ও হেফাজতে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮০ গ্রাম হেরোইন, ৪৮ গ্রাম ক্রিস্টাল আইস (আইস) এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয় বলে দাবি করেছে র্যাব।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আজিজ একটি আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এবং ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় মাদক সংক্রান্ত মোট তিনটি মামলা রয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, মাদক পাচার, এর অর্থায়ন এবং এ অপরাধের সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
টিটিএন ডেস্ক: 




















