কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা।
বিকেলে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকতে ভক্ত ও দর্শনার্থীর ঢল নামে। উপজেলার বিভিন্ন মণ্ডপ থেকে একে একে দেবী দুর্গার প্রতিমা শোভাযাত্রাসহকারে সৈকত প্রাঙ্গণে নিয়ে আসা হয়।
ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, সিঁদুর খেলা আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টেকনাফ সৈকত এলাকা। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি স্থানীয় অন্যান্য সম্প্রদায়ের মানুষও বিসর্জন দেখতে সমবেত হন, যা এক চমৎকার অসাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে পরিণত হয়।
টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি রুপন ধর জানান, অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের পূজা এবং প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
প্রতিমা বিসর্জন উপলক্ষে সৈকতজুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিবি, পুলিশ, কোস্ট গার্ড এবং আনসার বাহিনীর টহল ও নজরদারি ছিল চোখে পড়ার মতো।
সব আনুষ্ঠানিকতা শেষে ধর্মীয় রীতি মেনে বঙ্গোপসাগরের লোনাজলে বিসর্জন দেওয়া হয় দেবী দুর্গার প্রতিমা।
নোমান অরুপ 





















