উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক নারীকে হাত কেটে পঙ্গু এবং চোখ উপড়ে দেওয়ার চাঞ্চল্যকর মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার রাতে কুতুপালং ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গেলো বছরের ১৬ জুলাই কুতুপালং ক্যাম্পে এক নারীকে অমানবিক ও নৃশংসভাবে আক্রমণ করে দুই হাত বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং একটি চোখ উপড়ে ফেলা হয়। এই ভয়াবহ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হলে আসামিরা গা ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে র্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আরেফা বেগম, দিল কায়েস ও শমসু আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারি পরিচালক আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 






















