“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন,প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” এ প্রতিপাদ্যে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
শুক্রবার (২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে টেকসই উৎপাদন বাড়াতে নিরাপদ, নির্ভরযোগ্য ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, তথ্য ও দলগত কাজের সহজ সমন্বয়,প্যাটার্ন শনাক্ত,রিয়েল টাইম পর্যবেক্ষণ ও সম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত রেখে কৃষি শিল্প উৎপাদন বৃদ্ধিতে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, উৎপাদিত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত করণ, বাজারজাত করণ বিষয়গুলোকে গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে ।
এছাড়া পোল্ট্রি শিল্প, ডেইরি শিল্প, কৃষি ও মৎস্য উৎপাদনের বর্তমান পরিস্থিতি,উদ্ভাবন ও সম্ভাবনা বিষয়ে আলোচনা করেন তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তাসনীম জাহান,অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান,কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আবদুল শুক্কুর, জেলা জামায়াত নেতা শহিদুল আলম বাহাদুর,সাংবাদিক ইউনিয়নের কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী,কক্সবাজার মহিলা চেম্বার সভাপতি জাহানারা ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিসিক,ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও উদ্যোক্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জেলার শিল্প, কৃষি ও সেবামুখী খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে সচেতনতা তৈরি করাসহ কৃষি, মৎস্য, দুধ, ডিম, মাংস সংরক্ষণে হিমাগার স্থাপনের প্রতি গুরুত্বারোপ করেন।
নিজস্ব প্রতিবেদক: 

















