ব্যাংককের মেডপার্ক হাসপাতালে চিকিৎসাধীন সহধর্মিণী শিরিন রহমানের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামূ-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
বুধবার সকালে থাইল্যান্ডের ব্যাংককস্থ মেডপার্ক হাসপাতালে শিরিন রহমানের মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার (স্পাইন সার্জারি) সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্ধারিত তিন ঘণ্টার এই অস্ত্রোপচারের পর তাঁকে দুই ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন।
সহধর্মিণীর শারীরিক অবস্থা নিয়ে আবেগঘন এক বার্তায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জানান, গত কয়েক বছর ধরে তাঁর স্ত্রী এই জটিল রোগের সাথে যুদ্ধ করে আসছেন। ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবনে স্ত্রীকে মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একা হাতে দক্ষতার সাথে সংসার সামলানো থেকে শুরু করে সুসন্তান গড়ে তোলার কঠিন কাজটি তিনি সফলভাবে সম্পন্ন করেছেন।
বর্তমানে অস্ত্রোপচার পরবর্তী মুহূর্তে সহধর্মিণী যেন পুরোপুরি সুস্থ হয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য তিনি দেশবাসীসহ কক্সবাজারের সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক 























