শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য, সৌন্দর্য ও নান্দনিকতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং স্থানীয় শিল্পীদের নৃত্যচর্চায় দক্ষ করে তুলতে কক্সবাজারে শুরু হয়েছে ভরতনাট্যম নৃত্যের প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টায় কক্সবাজার ইন্সটিটিউট ও পাবলিক লাইব্রেরিতে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত প্রশিক্ষক ও বিশিষ্ট নৃত্যশিল্পী গোলাম মোস্তফা ববি, অতিথি কবি আসিফ নূর, জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক অদিতি বড়ুয়া, নৃত্য প্রশিক্ষক সুমি দাশ ও ঋষিতা দেবী উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক আয়াত উল্লাহ, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক সুব্রত মল্লিক, সদস্য শেখ ইউনুসসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, একটি জাতির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে শাস্ত্রীয় নৃত্যচর্চার গুরুত্ব অপরিসীম। ভরতনাট্যম শুধু একটি নৃত্যধারা নয়, এটি ভারতীয় উপমহাদেশের প্রাচীন শাস্ত্রীয় শিল্পঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এর মুদ্রা, ছন্দ, অভিব্যক্তি ও শারীরিক উপস্থাপনার মধ্য দিয়ে শিল্পীরা নান্দনিকভাবে বিভিন্ন ভাব ও কাহিনি তুলে ধরেন। কক্সবাজারে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়া স্থানীয় সাংস্কৃতিক চর্চায় নতুন মাত্রা যোগ করবে। তাঁরা আরও বলেন, কক্সবাজারে সংগীত, নাটক ও নৃত্যচর্চার সমৃদ্ধ পরিবেশ গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আয়োজন প্রয়োজন। নতুন প্রজন্মকে শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি স্থানীয় প্রতিভাবান শিল্পীদের বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের পর প্রশিক্ষক গোলাম মোস্তফা ববি প্রশিক্ষণার্থীদের ভরতনাট্যম নৃত্যের প্রাথমিক পাঠ দেন। এ সময় তিনি নৃত্যের মৌলিক মুদ্রা, শারীরিক ভঙ্গি, ছন্দ, তাল ও অভিব্যক্তি সম্পর্কে ধারণা দেন। পর্যায়ক্রমে প্রশিক্ষণার্থীদের নৃত্যের বিভিন্ন কলাকৌশল শেখানো হবে।
প্রশিক্ষক গোলাম মোস্তফা ববি বলেন, ভরতনাট্যম একটি শাস্ত্রীয় নৃত্যধারা, যেখানে শরীরের প্রতিটি ভঙ্গি, হাতের মুদ্রা, চোখের অভিব্যক্তি ও ছন্দের বিশেষ তাৎপর্য রয়েছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এর সৌন্দর্য ও শৈল্পিক দিকগুলো আয়ত্ত করতে হয়। আগ্রহ ও নিষ্ঠা নিয়ে প্রশিক্ষণ চালিয়ে গেলে নতুনরাও এ নৃত্যধারায় দক্ষতা অর্জন করতে পারবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতি মাসের প্রথম ও তৃতীয় সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে কক্সবাজার পাবলিক লাইব্রেরিতে এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। শাস্ত্রীয় নৃত্যের চর্চা সম্প্রসারণ, নতুন শিল্পী তৈরি এবং কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সংবাদ বিজ্ঞপ্তি 








