টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন ও এসআরবি’র একটি যৌথ দল নাজিরপাড়া বিওপি সংলগ্ন জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের সুইচগেট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করে।
আটককৃত মো. ইদ্রিস টেকনাফের ডেইল পাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, মায়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে যৌথ দল নাফ নদী ও কেওড়া বাগান সংলগ্ন স্থানে অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। পরে রাত আড়াইটার দিকে বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি ও এসআরবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মো. ইদ্রিসকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ৩টি বড় প্যাকেট তল্লাশি করে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দকৃত ইয়াবাসহ আটক পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া।
নিজস্ব প্রতিবেদক: 
























