চট্টগ্রামের চান্দগাঁও থানার চাঞ্চল্যকর মাদক ও হত্যাচেষ্টা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: মহিউদ্দিন শরীফ (২৬)-কে গ্রেফতার করেছে এসআরবি।
শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে কক্সবাজার শহরের বীচ সংলগ্ন কাসুন্দি হোটেল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৫ (কক্সবাজার) এবং এসআরবি-৭ (চট্টগ্রাম)-এর একটি যৌথ দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মহিউদ্দিন শরীফ চট্টগ্রামের চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মৃত নাছেরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহিউদ্দিন শরীফের বিরুদ্ধে বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও থানায় মাদক ব্যবসা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টাসহ বেশ কয়েকটি গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাজাপ্রাপ্ত এই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















