বিশ্ব পর্যটন দিবসকে ঘিরে উপলক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হবে তিন দিনের পর্যটন মেলা।
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে এই মেলার আয়োজন করা হচ্ছে।
মেলা শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার। প্রথম দিন সকাল সাড়ে ৯ টায় কক্সবাজার সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ১০ টায় পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হবে। প্রথম দিনের বিকেল বেলায় থাকবে লোকজ সংগীত, ফায়ার শো এবং ব্যান্ড শো।
দ্বিতীয় দিন ২৬ সেপ্টেম্বর, শনিবার সকালে পুনরায় সৈকত পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল ৩ টায় সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এছাড়া বিকেলে সূফি ও কাওয়ালি গান, ফোক গান এবং ডুয়েট গান পরিবেশিত হবে।
সমাপনী দিন ২৭ সেপ্টেম্বর, রবিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকাল ৯ টায় সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শেষ দিনে থাকবে বিকেল ৩ টায় ঘুড়ি উৎসব, বিকেল ৪ টায় সি সেফ লাইফগার্ডের জরুরি সেবা ও ফার্স্ট এইড কার্যক্রম প্রদর্শনী, ৫ টায় জেলা শিল্পকলা একাডেমী এবং শিশু একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনা। এছাড়াও রাখাইন নৃত্য, বিদ্যানন্দ ফাউন্ডেশনের চাকমা, ম্রো ও রাখাইন নৃগোষ্ঠীর নাচ, অরুণোদয় স্কুল ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। একই দিন রাত ৮ টার পর ‘আঁলা’ পরিবেশনার মধ্য দিয়ে তিন দিনের এই মেলা শেষ হবে।
নিজস্ব প্রতিবেদক 



















