বান্দরবান সরকারি কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লোহাগাড়ার তরুণ ইমতিয়াজ উদ্দিন হৃদয় (২৮) মারা গেছেন।
৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।ইমতিয়াজ উদ্দিন হৃদয় লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান মিয়াজান মাস্টারপাড়ার মোহাম্মদ লোকমান সওদাগরের দ্বিতীয় সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট লোহাগাড়া থেকে বান্দরবান সরকারি কলেজে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘী শিশুতল এলাকায় একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর মাথার খুলি ভেঙে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকেরা তাঁর মাথার খুলি ও মস্তিষ্কে অস্ত্রোপচারও করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ইমতিয়াজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজানসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে তাঁর বাড়ির পরিবেশ। সহপাঠী, বন্ধু ও স্থানীয়দের মধ্যেও নেমে আসে শোক।
নিহতের চাচাতো ভাই এডভোকেট রিদুয়ানুল করিম বলেন, দুর্ঘটনার পর থেকেই আমরা আশা করেছিলাম, চিকিৎসায় সে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো গেল না। তাঁর মৃত্যু আমাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।
পরিবারের সদস্যরা জানান, ইমতিয়াজকে ঘিরে তাঁদের অনেক স্বপ্ন ছিল। পড়াশোনা শেষ করে ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু সড়ক দুর্ঘটনার এক ধাক্কায় থেমে গেল তাঁর সেই স্বপ্নযাত্রা।
নিজস্ব প্রতিবেদক: 
























