কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার হোটেল রেনেসাঁর বারে মদ্যপান ও বাকবিতণ্ডার জেরে ভাঙা বোতলের আঘাতে রাশেদ নামে এক যুবক খুন হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার দায়ে সোলাইমান প্রকাশ সালমান নামের একজনকে আটক করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে হোটেল রেনেসাঁর বারে কয়েকজন যুবক একত্রিত হন। পরবর্তীতে হোটেলের বাইরে এসে রাশেদের ওপর ভাঙা বোতল দিয়ে হামলা চালিয়ে ঘাতকেরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাশেদকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত রাশেদের বন্ধু ও স্বজনেরা ঘটনার সাথে জড়িত সোলাইমান প্রকাশ সালমানকে আটক করে মারধর করে এবং পরে পুলিশের হাতে সোপর্দ করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওয়াহিদুর রহমান জানান, লাইসেন্স ছাড়াই বারের ভেতর ৪-৫ জন যুবকের মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে ফোন করে আরও দুজনকে ডেকে এনে রাশেদকে হত্যা করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানায়, শহরের ২ নম্বর ওয়ার্ডের আনসারের সাথে রাশেদের প্রথমে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে আনসার ফোন করে পিটিআই স্কুল এলাকার রাদি ও সালমানকে ডেকে আনে। তারা এসে রাশেদের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আটক সোলাইমান প্রকাশ সালমানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক 





















