টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৩৩ বস্তা সার এবং ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া বিওপি’র আভিযানিক দল নাফ নদী সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল জাদিমুড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নাফ নদীর কিনারা থেকে মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা সার ও একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
এর কিছুক্ষণ পর, রাত ১২টা ২০ মিনিটে প্রাপ্ত আরেকটি তথ্যের ভিত্তিতে টেকনাফ ওমরখাল সংলগ্ন নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। চোরাকারবারিরা বাংলাদেশ থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সেখানে সার মজুদ করে রেখেছিল। সেখান থেকে আরও ২৩ বস্তা সার ও ১টি হস্তচালিত কাঠের নৌকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পৃথক দুটি অভিযানে জব্দকৃত মোট ৩৩ বস্তা সার এবং ২টি হস্তচালিত কাঠের নৌকার আনুমানিক মূল্য ৫৯,৩০০/- (ঊনষাট হাজার তিনশত) টাকা বলে বিজিবি জানিয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মায়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মায়ানমার থেকে বাংলাদেশে মাদকসহ যেকোনো চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত পণ্য ও নৌকার বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 






















