মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম মঙ্গলবার কক্সবাজার সরকারি কলেজ পরিদর্শন করেছেন। দিনব্যাপী নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তাঁর এ গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পরিদর্শন সম্পন্ন হয়।
১৯ মে সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে পৌঁছালে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক ফুলেল শুভেচ্ছা ও লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে তাঁকে স্বাগত জানান। এ সময় কলেজের বিএনসিসি (সেনা শাখা)-এর একটি চৌকস ক্যাডেট দল গার্ড অব অনার প্রদান করে। পরে কলেজ পরিদর্শক ক্যাম্পাসে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন।
সকাল ১১টায় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পৃথক ও যৌথ মতবিনিময় সভায় অংশ নেন। প্রথমে শিক্ষার্থীদের সঙ্গে একান্ত মতবিনিময়ে তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন। পরে কলেজ প্রশাসনের উপস্থিতিতে যৌথ সভায় শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সমস্যা সমাধানে কলেজ প্রশাসনের প্রতি গুরুত্বারোপ করেন।
দুপুর ১২টা ৩০ মিনিটে শিক্ষক পরিষদ সভাকক্ষে অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষকমণ্ডলীর মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম। তিনি শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের বিষয়াদি মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
বক্তব্যে তিনি বলেন, “যে কোনো পর্যায়ের সেবা প্রার্থীর জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ শাখার প্রবেশদ্বার সবসময় উন্মুক্ত। দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি।” তিনি আরও বলেন, “আমার শাখায় কোনো ধরনের অনিয়ম কিংবা সেবা গ্রহীতাদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কাজের স্বচ্ছতা রক্ষার্থে শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ মুসলেহ উদ্দিন। তিনি কলেজ পরিদর্শকের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা, কর্মনিষ্ঠা ও আধুনিক চিন্তাধারার মাধ্যমে কলেজ শাখার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এনেছেন।”
এছাড়া বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ অহিদুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক মুহাম্মদ উল্লাহ এবং কলেজ পরিদর্শন কার্যক্রম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান কাজী আবুল কাসেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম।
সভা শেষে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অধ্যক্ষ।
পরে কলেজ পরিদর্শক কক্সবাজার সরকারি কলেজের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন। তিনি কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভিন্ন শ্রেণিকক্ষ, ওয়াশরুম, ছাত্রাবাস ও ছাত্রীনিবাস ঘুরে দেখেন এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য অধ্যক্ষকে নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে অধ্যক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকাল ৪টায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক: 
























