সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, রহস্যজনক মৃত্যু ও ক্যাম্পে দুর্ঘটনাসহ একাধিক ঘটনায় একদিনে কক্সবাজার জেলায় অন্তত ৮ প্রাণহানি হয়েছে। পৃথক এসব ঘটনায় জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
কলাতলীতে রেস্টুরেন্ট কর্মীর মরদেহ উদ্ধার
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি রেস্টুরেন্টের স্টাফ কোয়ার্টার থেকে সাইফুল ইসলাম সুমন (৪২) নামে এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কলাতলীর ‘শালিক রেস্টুরেন্ট’-এর স্টোর ম্যানেজার ছিলেন।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার রুমমেট শামসুল আলম জানান, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তিনি সুমনকে অচেতন অবস্থায় দেখতে পান।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, এটি স্ট্রোকজনিত মৃত্যু নাকি অন্য কোনো কারণ—তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।
উখিয়ায় আইওএম গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু, উত্তেজনা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩ এ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির ধাক্কায় আবু ওয়াইদা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ক্ষুব্ধ রোহিঙ্গারা গাড়ি ভাঙচুর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, ঘটনার পর গাড়িচালক পালিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
চকরিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চন্দনাইশে কর্মরত একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
টেকনাফে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের রাজার ছড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোক্তার হোসেন (৪৮) নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত পথচারী কিশোর রকুমুল্লাও মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তা পার হওয়া কিশোরকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু
সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে বজ্রপাতে রমিজ উদ্দীন (৪৫) নামে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় সেতুর ওপর বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈদগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যা
ঈদগাঁও উপজেলার জাগিরপাড়া এলাকায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে নুরুল হক (৮০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
মালুমঘাটে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১
মালুমঘাট এলাকায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মো. ইউসুফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
পৃথক এসব ঘটনায় জেলার বিভিন্ন এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, সড়কে বেপরোয়া যান চলাচল, নিরাপত্তা ঘাটতি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতার অভাবে এমন প্রাণহানির ঘটনা বাড়ছে।
সংশ্লিষ্টদের মতে, দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমাতে সড়ক নিরাপত্তা জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে উঠেছে।
ইমরান হোসাইন 


















