বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এবার বাংলাদেশি এক যুবকের বাম পায়ের একটি অংশ বিচ্ছিন্ন হয়েছে। তার নাম আব্দুল করিম (২৫)।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের শূণ্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে গরবিটা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন আউং থা পায়া পোস্টের দায়িত্বপূর্ণ এলাকা বলে জানা গেছে।
আহত আব্দুল করিম নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মকতুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, আব্দুল করিম আরও তিনজনের সঙ্গে প্রায়ই মিয়ানমারের অভ্যন্তরে যাতায়াত করতেন। মঙ্গলবারও তারা সীমান্ত অতিক্রম করার পর হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল করিম গুরুতর আহত হন। বিস্ফোরণের পর তার সঙ্গে থাকা অন্য তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ির আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. কামাল মিয়া বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। আহত যুবককে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে আমরা জেনেছি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে নজরদারি অব্যাহত রয়েছে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন- সীমান্তের শূণ্যরেখা থেকে ৫০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে।
নিজস্ব প্রতিবেদক 





















