কক্সবাজারের পেকুয়ায় বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
তিনি পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক টানা তিনবারের চেয়ারম্যান, এডভোকেট, প্রবীণ শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি জীবদ্দশায় স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম কামাল হোসেন পেকুয়া পৌরসভার পূর্ব গোয়াখালী এলাকার মরহুম আলহাজ কবির আহমদ সওদাগরের জ্যেষ্ঠ সন্তান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পেকুয়াজুড়ে শোকের ছায়া নেমে আসে।সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামাল হোসেন ছিলেন পেকুয়ার শিক্ষা, রাজনীতি ও আইন অঙ্গনের এক পরিচিত ব্যক্তিত্ব। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা এই গুণী ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অঞ্চলের বহু বিশিষ্ট ব্যক্তির শিক্ষক ছিলেন।
পরবর্তী সময়ে স্থানীয় রাজনীতিতে যুক্ত হয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা তিনবার নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে সততা, নিরপেক্ষতা ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ বিএনপি ও আওয়ামী লীগ—উভয় সরকারের আমলেই শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন বলে জানা গেছে।
দলমত-নির্বিশেষে মানুষের কাছে গ্রহণযোগ্য এই জনপ্রতিনিধি স্থানীয় পর্যায়ে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন কক্সবাজার জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের চেতনা প্রসারেও তাঁর ভূমিকা ছিল।
তাঁর মৃত্যুতে পেকুয়া একজন প্রবীণ শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও অভিজ্ঞ জনপ্রতিনিধিকে হারাল। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
পেকুয়া প্রতিনিধি: 
























