উখিয়ার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
শুক্রবার ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থানে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত ইয়াবাগুলো থানায় মামলা দায়েরপূর্বক পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিজস্ব প্রতিবেদক: 























