বিয়ের পরদিন ভোরে যেখানে কাটার কথা ছিল একান্ত কিছু সময়, ঠিক তখনই পেশাগত দায়িত্বকে সবকিছুর উপরে স্থান দিয়ে সংবাদের পেছনে ছুটে গেলেন কক্সবাজারের জনপ্রিয় সংবাদভিত্তিক মাল্টিমিডিয়া ‘দ্য টেরিটোরিয়্যাল নিউজ (টিটিএন)’ এবং ‘কালের কণ্ঠ’-এর উখিয়া প্রতিনিধি শামীমুল ইসলাম ফয়সাল।
তাঁর এমন পেশাদারিত্ব ও কাজের প্রতি নিষ্ঠা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
১৬ অক্টোবর (শুক্রবার) রাতে শামীমুল ইসলাম ফয়সালের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু পরদিন, ১৭ অক্টোবর ভোরেই কক্সবাজারের পাটুয়ারটেক এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ অগ্নিকাণ্ডের খবর পান তিনি। ঘটনার খবর পাওয়ার পরপরই কোনো বিলম্ব না করে ভোরেই ঘটনাস্থলে ছুটে যান।
ঘটনাস্থলে পৌঁছে সর্বপ্রথম তিনি ‘দ্য টেরিটোরিয়্যাল নিউজ (টিটিএন)’ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি (লাইভ) অগ্নিকাণ্ডের দৃশ্য সম্প্রচার করেন। তাঁর এই দ্রুত পদক্ষেপের কারণে মুহূর্তের মধ্যেই অগ্নিকাণ্ডের সংবাদটি দেশজুড়ে ছড়িয়ে পড়ে।
লাইভের মন্তব্যের ঘরে রফিক উদ্দিন নামের এক শুভাকাঙ্ক্ষী মন্তব্য করেন, “এই হচ্ছে কাজের প্রতি দৃঢ় বিশ্বাস, কেবলমাত্র আমার ভাইটার কালকেই বিয়ে হয়েছে, আজ সকালেই সংবাদ সংগ্রহ করতে চলে গেলেন।” আরেকজন মন্তব্য করেন, “বিয়ের পিঁড়ি থেকে ছেলেটা এখন সরাসরি ফিল্ডে!”
সাফিন আহমেদ খান রুদ্র নামের এক ফেসবুক ব্যবাহারকারী তাঁর পোস্টে লিখেন, “Shamimul Islam Faisal আমাদের রত্ন, গতকাল ছিল তার জীবনের অন্যতম বিশেষ দিন-বিয়ের অনুষ্ঠান। অথচ জীবনের এত আনন্দঘন মুহূর্তেও পেশাগত দায়িত্ব ভুলে যায়নি সে। নিজের বিয়ের দিনেও নিউজ পাঠিয়েছে, পালন করেছে একজন সংবাদকর্মীর দায়িত্ব। সত্যিই, একজন সংবাদকর্মীর জীবনটা অনেক কঠিন। ব্যক্তিগত আনন্দ, আবেগ কিংবা বিশেষ মুহূর্তের চেয়েও কখনো কখনো পেশাগত দায়িত্বকে বেশি গুরুত্ব দিতে হয়।
এ ঘটনার পর ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সালকে নিয়ে বিভিন্ন কনটেন্ট ও শুভকামনা বার্তা ছড়িয়ে পড়ে। অনেকেই তাঁর কাজের প্রতি এমন আত্মনিবেদনের ভূয়সী প্রশংসা করছেন।
কাজের প্রতি এমন বিরল ভালোবাসার বিষয়ে অনুভূতি প্রকাশ করে সাংবাদিক শামীমুল ইসলাম ফয়সাল বলেন, “আমার জীবনে কাজটাই সবচেয়ে বড়। কাজের মাধ্যমেই আমি সামনে এগিয়ে যেতে চাই। সকালে অগ্নিকাণ্ডের ফোন পাওয়ার পরই আমি আর স্থির থাকতে পারিনি, দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি।”
পেশাগত এই সততা ও নিষ্ঠার জন্য স্থানীয় সংবাদকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের ভালোবাসায় ভাসছেন সাংবাদিক শামীমুল ইসলাম ফয়সাল।
নিজস্ব প্রতিবেদক 

















