সরকারিকৃত কলেজের শিক্ষকদের জন্য আয়োজিত ইনডাকশন ট্রেনিংয়ে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ডিজি’স (ডিরেক্টর জেনারেল’স) অ্যাওয়ার্ড অর্জন করেছেন কক্সবাজারের রামুর কৃতী সন্তান নীলোৎপল বড়ুয়া। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার হাজী এম এ কালাম সরকারি কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক।
বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকায় আয়োজিত নতুন সরকারিকৃত কলেজের শিক্ষকদের ৭৮তম ইনডাকশন ট্রেনিংয়ে অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
১৭ আগস্ট থেকে শুরু হওয়া ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন সরকারিকৃত কলেজের ২০০ জন শিক্ষক পাঁচটি ব্যাচে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে নীলোৎপল বড়ুয়ার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব আবদুল খালেক।
জানা গেছে, সংশ্লিষ্ট প্রশিক্ষণ কার্যক্রমে বান্দরবান ও কক্সবাজার জেলার শিক্ষকদের মধ্যে তিনিই প্রথম এ গৌরবজনক ডিজি’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
শিক্ষকতার পাশাপাশি নীলোৎপল বড়ুয়া লেখালেখি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘মর্ত্যে রচিব অমরাবতী’। তাঁর রচিত ‘ঝুলে আছে মাশৈ’ গল্পটি বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র পাঠ্য হিসেবে অনুমোদিত হয়েছে।
তিনি বাংলাদেশ বেতার, কক্সবাজারের একজন আবৃত্তিশিল্পী, সংবাদ পাঠক ও উপস্থাপক।
পুরস্কার অর্জনের অনুভূতি প্রকাশ করে নীলোৎপল বড়ুয়া বলেন, “পুরস্কার মানে একপ্রকার স্বীকৃতি। এই ডিজি’স অলরাউন্ড পারফরম্যান্স অ্যাওয়ার্ড শিক্ষক হিসেবে আমার যোগ্যতার স্বীকৃতি। আমি খুব আনন্দিত ও সন্তুষ্ট। স্বীকৃতি যেকোনো মানুষকে তার কাজে আরও উৎসাহ জোগায়।”
হাফিজুল ইসলাম চৌধুরী: 
























