উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ সৈয়দুল করিম (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি পালিয়ে যায়।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের ব্লক সি/৯ এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ক্যাম্পের ব্লক সি/৯ এলাকায় মোহাম্মদ আলমের চায়ের দোকানের সামনে রাস্তার ওপর কয়েকজনের সন্দেহজনক গতিবিধি দেখতে পান। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সৈয়দুল করিমকে আটক করা হয়। এ সময় অন্য দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটক সৈয়দুল করিম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ব্লক ডি/বি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নুর মোহাম্মদ। অভিযানে তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পলাতক দুজন হলেন জাহাঙ্গীর (২৮), পিতা আনিসুল মোস্তফা, ক্যাম্প-১ ওয়েস্টের ব্লক এ/১৩-এর বাসিন্দা এবং আইয়ুব (১৯), পিতা মো. হোসেন, একই ক্যাম্পের ব্লক এফ/৩-এর বাসিন্দা।
এ ঘটনায় লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. ইয়ামিন সুমন বাদী হয়ে আটক ব্যক্তি ও পলাতক দুজনসহ মোট তিনজনের বিরুদ্ধে উখিয়া থানায় এজাহার দায়ের করেছেন।
পলাতক দুই ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 


















