চট্টগ্রামের লোহাগাড়ায় পেয়ারা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে নির্জন বাড়িতে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির আটক করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াহিদার পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম বদিউল আলম (৫৫)। তিনি ওই এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে শিশুটি প্রতিদিনের মতো বাড়ির উঠানে সমবয়সী অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় বদিউল আলম পেয়ারা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটির সঙ্গে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ পরিবারের।
বিষয়টি অন্য এক শিশুর নজরে এলে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
ঘটনার পর ভুক্তভোগী শিশুকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয়দের দাবি, এর আগেও প্রায় ১৫ দিন আগে চরম্বা ইউনিয়নের পদ্মশিকল এলাকায় বদিউল আলমের বিরুদ্ধে আরেক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছিল। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সে সময় বিষয়টি মীমাংসা করা হয় বলে তারা জানান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অভিযুক্ত বদিউল আলমকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগাড়া প্রতিনিধি: 



















