রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বুধবার বিকেলে রোহিঙ্গা ক্যাম্প-৫ এ পাহাড় ধসের ঘটনার পর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান নিশ্চিত করেন, ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জাতীয় ও স্থানীয় কোনো কোনো গণমাধ্যমে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের অডিও প্রচারিত হয়। জাতীয় ও স্থানীয় দৈনিকে আরআরআরসির বরাতে সংবাদও প্রকাশিত হয়।
কিন্তু রাত ৮টার দিকে ক্যাম্প ইনচার্জের বরাতে আরআরআরসি অফিস মৃত ৫ জনের একটি তালিকা প্রকাশ করে। এ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। বিভ্রান্ত হয়ে পড়েন কক্সবাজারে কর্মরত স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা। অনেকে সংবাদের তথ্য পরিবর্তন করে মৃতের সংখ্যা ৮ থেকে নামিয়ে ৫ করে দেন। এ নিয়ে বেশ কয়েকজন সাংবাদিক ফেসবুকে নানা মন্তব্য করে পোস্ট দেন।
এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃত ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তাই তা প্রকাশ করা হয়েছে।
নিহতের সংখ্যা ৮ কি না, এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনার পরপরই বিষয়টি ক্লিয়ারিফাই করা যায়নি, তাই ৮ জনের মৃত্যুর সংখ্যা বলা হয়েছে। মৃতের সংখ্যা যাই হোক, তাদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে এবং এ তথ্যই বিভিন্ন মাধ্যমে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















