পাঁচ বছর আগে ঢাকার মহাখালী এলাকায় দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর মরদেহ ৬ টুকরো করার দায়ে স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু এ রায় দেন।
২০২১ সালে ঢাকার মহাখালী এলাকায় চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডটি ঘটে। এই ঘটনায় তখন বেশ আলোচনাও হয়। অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে স্বামীকে হত্যা করেন স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পী। পরে হত্যার ঘটনা গোপন করতে মরদেহ ৬ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। মরদেহের ছয় টুকরার মধ্যে মূল দেহটি পড়ে ছিল মহাখালীর আমতলী সড়কে। দুই হাত ও দুই পা পুলিশ উদ্ধার করে মহাখালীর এনা বাস কাউন্টারের সামনের সড়ক থেকে। আর মরদেহের মাথা উদ্ধার করা হয় বনানী-১১ নম্বরের লেক থেকে। পরে প্রথম স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পীকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ফাতেমা বেগম ওরফে শিল্পীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষ বলছে, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক আলামতের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
সূত্র: যমুনা টেলিভিশন
টিটিএন ডেস্ক: 






















