কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন রামু উপজেলার মিজানুর রহমানের ৮ মাস বয়সী পুত্র সন্তান আতিকুর রহমান এবং একই এলাকার জাবেদের ৬ মাস বয়সী কন্যা সন্তান ওয়াজিফা।
রোববার (০৩ মে) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শান্তনু ঘোষ জানান, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে ৭৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ওয়াজিফাকে গত ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় এবং ৩ মে সকাল ৮টায় তার মৃত্যু হয়। অন্যদিকে আতিকুর রহমানকে ৩ মে ভর্তি করা হলে সেদিন রাত ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত জেলায় মোট ১,৪৫২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু ২৯ মার্চ থেকে ৩ মে পর্যন্ত আক্রান্ত হয়েছে ১,৩৯৯ জন শিশু। এ সময়ে মারা গেছে ১৩ জন শিশু।
আবদু রশিদ মনিক 


















