পর্যটন নগরীতে মহান মে দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, কক্সবাজার শাখা।
শুক্রবার (১ মে) সকালে রেলওয়ে শ্রমিকদের অধিকার আদায় ও সংহতির লক্ষ্যে শাখা কার্যালয়ে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কক্সবাজার শাখার আহ্বায়ক শুভংকর দে। তিনি বক্তব্যে বলেন, “মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমিকদের রক্তস্নাত অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। বর্তমান প্রেক্ষাপটে রেলওয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং তাদের কর্মপরিবেশ উন্নত করা আমাদের প্রধান লক্ষ্য। আমরা শ্রমিকদের অধিকার রক্ষায় সবসময় আপসহীন থাকব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব আমান ইকবাল। তিনি বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। বিশেষ করে নবনির্মিত কক্সবাজার রেললাইন প্রকল্পে যারা দিনরাত পরিশ্রম করছেন, তাদের স্বার্থরক্ষা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে আমরা ঐক্যবদ্ধ। জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে শ্রমিকদের কল্যাণে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।”
সভায় বক্তারা রেলওয়ে শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ কর্মসূচিতে কক্সবাজার জেলা রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিক-কর্মচারীরা অংশ নেয়।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক 

















