কক্সবাজারে সাম্প্রতিক চুরি, ছিনতাই ও অপহরণ বৃদ্ধির প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে তা মোকাবিলায় জোরদার পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়।
রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মন্নান। এতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় ৭০ থেকে ৮০ জন অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য মোঃ শাজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, পুলিশ সুপার এ এম এন মোঃ সাজেদুর রহমান, র্যাব-১৫ এর অধিনায়ক মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের আমির নুর মোহাম্মদ আনোয়ারী এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন আলমগীরসহ সংশ্লিষ্টরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, পরিবহন ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য ও নাগরিক সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
চুরি, ছিনতাই ও অপহরণ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ইতোমধ্যে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। নতুন করে কোনো মিশুক, টমটম বা অটোরিকশার লাইসেন্স দেওয়া হবে না এবং বাতিল লাইসেন্সও পুনর্নবায়ন করা হবে না। তিনি পাহাড় কাটার সঙ্গে জড়িত ‘গডফাদারদের’ চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভায় জানানো হয়, চলতি মাসের ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের জন্য সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময়ে জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।
পিএমখালী এলাকায় শ্মশান দখলের অভিযোগ দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় সভায়।
নাগরিক সেবার বিষয়ে উদ্বেগ তুলে ধরে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী বলেন, হোটেল-মোটেল এলাকার সামনে ময়লার স্তুপ কয়েকদিন পড়ে থাকলেও পৌরসভা দ্রুত ব্যবস্থা নিচ্ছে না।
এদিকে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন আলমগীর জানান, জেলায় চলমান হাম রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় ৪ লাখ ৪০ হাজার ৪০০ ডোজ টিকা মজুদ রয়েছে।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবা আরও কার্যকর করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
ইমরান হোসাইন 




















