কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ে ভালো জনসেবা ও রাষ্ট্রসেবা অন্য কোনো দল করতে পারবে না। তিনি বলেন, “আজকে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের বন্ধুদের বলছি,আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। আমাদের ভোট দিন, ভোট দিয়ে নিরাপদে থাকুন।”
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফের শামলাপুর স্টেশনে ধানের শীষের পক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শাহাজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে নিষেধ করা হয়েছে, তবে ভোট প্রদানে কোনো নিষেধাজ্ঞা নেই। তাই যোগ্য নাগরিক হিসেবে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় ভোটের মাধ্যমে একটি ভালো সরকার গঠন করা নাগরিকদের দায়িত্ব। ভোট ছাড়া সরকার গঠিত হলে নাগরিকদের ওপর অত্যাচার-নির্যাতন বেড়ে যায় এবং ন্যায়বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে।
পথসভায় তিনি বলেন, “চাকমা, মারমা সহ সব সম্প্রদায়কে নিয়ে আমরা একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ ব্যবস্থা গড়ে তুলবো।”
এ সময় তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে মসজিদ ও মাদ্রাসার ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের চাকরি গেজেটভুক্ত করা হবে। পাশাপাশি এসব পদে নিয়োজিতদের জন্য সরকারিভাবে মাসিক সম্মানি ভাতা প্রদান করা হবে।
রাহুল মহাজন: 



















