নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার অন্যতম পলাতক আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
সোমবার সকাল ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী বিচ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির ফকির (৪৫) নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করা হলে জড়িতরা আত্মগোপনে চলে যায়। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. কবির হোসেন। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















