রাজধানীর যাত্রাবাড়ী থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. আখতারুজ্জামানকে (৩১) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
সোমবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার শহরের বিমানবন্দরের নির্মাণাধীন নতুন রানওয়ের পাশে সিসিইসিসি অফিসের সামনে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এসআরবি-১৫ এবং এসআরবি-০৩-এর একটি যৌথ দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তাঁর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তিনি ওই মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত আখতারুজ্জামান রংপুর জেলার কাউনিয়া থানার সোনাতন মধ্যপাড়া এলাকার মো. নূর ইসলামের ছেলে।
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 























