ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, বিএনপি সরকার উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে এ বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। ঐতিহাসিক ৭ নভেম্বরের ঘটনা থেকে সবাইকে শিক্ষা নিতে হবে এবং এর তাৎপর্য ধারণা করতে হবে বলে জানান লুৎফুর রহমান কাজল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী আসনের সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর, প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারে সভাপতি নুরুল ইসলাম হেলালী।
বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের প্রভাব এবং জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কুলশিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা তথ্য অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সভা শেষে জেলা শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন অতিথিরা।
নিজস্ব প্রতিবেদক 

















