কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় ফোরকান এলাহী(৪৫) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল হামিদ নামের আরও এক পথচারী আহত হয়েছেন।
নিহত ফোরকান এলাহী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চনুয়া ১নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পেকুয়ার রাজাখালী সবুজ বাজার এলাকায় ফার্মেসীর ব্যবসা করে আসছেন। পাশাপাশি তিনি পল্লী চিকিৎসক হিসেবেও মানুষের সেবা দিয়ে আসছেন৷
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ফোরকান এলাহী দুপুরে মোটরসাইকেল যোগে চকরিয়া থেকে পেকুয়া আসার পথে ছড়াপাড়া স্টেশন পর্যন্ত পৌছালে এক পথচারীর সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত পথচারীর অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
দীর্ঘ ১৭ বছর ধরে রাজাখালীর মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত ফোরকানের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা।
রেজাউল করিম: 
























